করোনায় মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার শহীদুল্লাহ


কুষ্টিয়া আপডেট নিউজ, ২৫ জুলাই, ২০২০।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ বিষয়ক সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্য সচিব ডা. রিজওয়ানুল করিম শামীম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এর আগে গত ২৫ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল থেকে অবস্থার অবনতি হলে প্রথমে আইসিউ এবং পরে ভেন্টিলেশনে নেওয়া হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর তিনি সিএমএসডির পরিচালক হিসেবে যোগদান করেন।

প্রসঙ্গত, দেশে করোনা প্রাদুর্ভাবের পর নকল মাস্ক বিভিন্ন হাসপাতালে সরবরাহ হয়। তখন অভিযোগের আঙুল উঠে স্বাস্থ্যখাতে যাবতীয় কেনাকাটার এই সরকারি প্রতিষ্ঠানের দিকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্কের মান এবং কেনাকাটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকায় গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দফতরে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে ২০ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এখন পর্যন্ত আমরা যা সরবরাহ করেছি, এগুলোর মান যাচাই করেই সরবরাহ করেছি।’ মাস্ক বিষয়ে বিভ্রান্তি এবং বানোয়াট তথ্য পরিবেশন না করে সরাসরি সিএমএসডিকে জানানোর জন্যও আহ্বান করেন তিনি।


মো. শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান। সিএমএসডির এক শোকবার্তায় বলা হয়, মো. শহীদুল্লাহর মৃত্যুতে সিএমএসডির পরিচালক ও কর্মকর্তারা শোকাহত। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি, একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

Post a Comment

Previous Post Next Post